মিশরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১১২ জন।
নিহতদের মধ্যে দুর্ঘটনাকবলিত দুই ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন। রোববার দেশটির গিজা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
মিসরের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় রোববার এক বিবৃতিতে দুর্ঘটনায় প্রাণহানি ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়, রাজধানী কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়। একটি ট্রেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল। এ সময় অপর একটি ট্রেনের সঙ্গে সেটির পেছনের অংশে সংঘর্ষ ঘটে। দ্বিতীয় ট্রেনটি দক্ষিণাঞ্চলীয় আসওয়ান প্রদেশের উদ্দেশে যাত্রা করেছিল।
রোববার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পর তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করেছেন। প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, একই রেললাইনে একই দিকে চলাচল করছিল কায়রো-আসওয়ান ও গিজা-ফায়ুম রুটের ট্রেন দুটি। একপর্যায়ে কায়রো-আসওয়ানগামী ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুম ট্রেনটির সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার তৎপরতায় এগিয়ে আসেন। আল-আইয়াত এলাকার কাফর গিরজা গ্রামের বাসিন্দা আইমান জামাল জানান, দুটি ট্রেনের সংঘর্ষের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা আহত যাত্রীদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে খবর দেন।
আইমান জামাল আরও জানান, তিনি নিজ চোখে প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে কাছাকাছি হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি বগির ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন। উদ্ধারকর্মীরা তাদের বের করার সময় কয়েকজনকে মৃত অবস্থায় দেখতে পান।
এদিকে মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন। তার নির্দেশনার পরিপ্রেক্ষিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
মিসরের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ভারী ক্রেন পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেনের ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজ সম্পন্ন করা এবং রেলপথে স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা।
সূত্র: এএফপি ও রয়টার্স



























