নাটোরে প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় সম্মেলন দিনব্যাপী সম্মেলন
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নাটোরে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩’ বাস্তবায়নে জেলা ও উপজেলা কমিটিগুলোকে কার্যকর ও সক্রিয় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় সম্মেলনে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় পাঁচ দফা সুপারিশমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সোমবার (৮ নভেম্বর) নাটোরের রানী ভবানী রাজবাড়ীর আনন্দ ভবনে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার আয়োজনে এবং ‘সমতার বাংলাদেশ’ প্রচার অভিযান ও সাইটসেভার্স বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশের ২৭টি জেলার প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের সব ধরনের সহযোগিতায় সর্বদা পাশে থাকার অঙ্গীকার করেন এবং তাদের প্রয়োজনীয় সব হুইলচেয়ার সরবরাহ করার ঘোষণা দেন।
বিশেষ অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হান্নান প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের শিক্ষার প্রসারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ টি এম গোলাম মাহমুদ বলেন, যুব প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সুযোগ-সুবিধা ও কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। নাটোরের পুলিশ সুপারের প্রতিনিধি এএসপি উদয় কুমার আইনশৃঙ্খলা রক্ষা ও প্রতিবন্ধী ব্যক্তিদের যেকোনো সহযোগিতায় পুলিশের হাত প্রসারিত থাকবে বলে জানান।
সম্মেলনে আরও বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি ফরিদ মিয়া, সমতার বাংলাদেশ ক্যাম্পেইনের সভাপতি নাছিমা খাতুন এবং জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্দুল হাই মণ্ডল।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা ও পরিচালনা করেন জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার প্রোগ্রাম ম্যানেজার বশির আল হোসাইন এবং নাটোর জেলার প্রতিবন্ধী নেত্রী আরিফা জাহান। অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ‘সমতার বাংলাদেশ প্রচার অভিযান’-এর ক্যাম্পেইন অ্যাডভাইজার অয়ন দেবনাথ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিবন্ধী সংগঠন নন্দনের সভাপতি কেতাব আলী। ইশারা ভাষায় বক্তব্য উপস্থাপন করেন আয়নাল হক। সম্মেলন আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সভাপতি গোলাম রাব্বানী বুলেট।
সম্মেলনে বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় সরকারি দপ্তর, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর জোর দেন। জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে সক্রিয় করে আইনটির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ, সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়।



























