উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় একটি গাড়ির ধাক্কায় মো. শফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শফিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার আরাফপুর গ্রামের নিজামুদ্দিনের ছেলে।
নিহতের খালা শাশুড়ি রুবিয়া আক্তার জানান, ভোর আনুমানিক চারটার দিকে আমরা ঝিনাইদহ থেকে গ্রিন লাইন পরিবহনের একটি বাসে করে রাজধানীর আজমপুরে এসে নামি। আমরা পরিবারের ৭ জন সদস্য। আমাদেরকে বাস ওভারব্রিজের সামনে নামিয়ে দেয়। বাস থেকে নেমে আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম। শফিকুল রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আমরা পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে ৬টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান শফিকুল আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।



























