মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সপ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৫, ১০ নভেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে পাঁচ ককটেলসহ যুবক আটক

যাত্রাবাড়ীতে পাঁচ ককটেলসহ যুবক আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে পাঁচটি ককটেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে তার সঙ্গে থাকা পলাশ (৪৫) নামে অপর এক ব্যক্তি পালিয়ে গেছেন।

সোমবার (৯ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে।

আটক সাইফুলের বাবার নাম মৃত মোহাম্মদ খলিলুর রহমান। তার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার ঝলম গ্রামের ১ নম্বর এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ ফার্স্ট লেনে বসবাস করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মো. এমরান হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলে দুই আরোহী চেকপোস্টে এলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। কিন্তু তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ও এসআরইউ সদস্যদের সহযোগিতায় সাইফুল ইসলামকে আটক করা হয়। এ সময় অপর আরোহী পালিয়ে যান।

পুলিশ আরও জানায়, আটকের পর সাইফুলের হাতে থাকা একটি বাজারের ব্যাগে ধানের তুষ দেখতে পান পুলিশ সদস্যরা। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ব্যাগটি পরীক্ষা করে এর ভেতর থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়