পোস্তগোলা সেতুতে দুটি গ্যাস সিলিন্ডারে আগুন
রাজধানীর দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত পোস্তগোলা সেতুর ওপর দুটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে সেতুতে চলাচলকারী যানবাহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সেতুর দুই পাশের যান চলাচল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর সেতুর ওপর দুটি গ্যাস সিলিন্ডারে আগুন জ্বলতে দেখা যায়। সিলিন্ডার থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখে যানবাহনের চালক ও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সম্ভাব্য বিস্ফোরণের আশঙ্কায় অনেকে গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে সরে যান। একই সঙ্গে সেতুর দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় সেতুর দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়। আগুন জ্বলতে থাকায় ঝুঁকি এড়াতে চালকেরা যানবাহন নিয়ে সামনে এগোতে সাহস পাননি। পরে সিলিন্ডার দুটির আগুন নিভে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। ধীরে ধীরে যান চলাচলও স্বাভাবিক হয়।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্যামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পোস্তগোলা সেতুতে এমন একটি ঘটনার তথ্য থানায় এসেছে। তবে এখনো বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।



























