মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সপ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৬, ১০ নভেম্বর ২০২৬

রাজধানীতে একাধিক বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে একাধিক বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এ সময় ফার্মগেট ও মিরপুরে দুটি বাসে আগুন দেওয়া হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে পল্লবী থানাধীন মিরপুর সাড়ে ১১ নম্বর পোস্ট অফিসের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই সময়ে সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানান, এসব ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় দুটি বাসের মাঝখানে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় রেজওয়ান আহমেদ নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে শাখা ছাত্রদল। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিকভাবে তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কর্মী বলে জানা গেছে।

অন্যদিকে, ঢাকা সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। রাজধানীর বাঙলা কলেজ ক্যাম্পাসের ফটকেও ককটেল বিস্ফোরণ এবং পাশের কয়েকটি দোকানে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

এদিকে, মগবাজার ফ্লাইওভারে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ককটেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। সোমবার রাতে ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এ ছাড়া মালিবাগ মোড়, মগবাজার মোড়, আদাবরের টোকিও স্কয়ারের সামনে, যাত্রাবাড়ী এবং গেণ্ডারিয়ার দয়াগঞ্জ ব্রিজের নিচেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

জনপ্রিয়