রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৮, ১ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম-১৩ আসনে জামায়াতের পাশে না থাকার ঘোষণা এনসিপির

চট্টগ্রাম-১৩ আসনে জামায়াতের পাশে না থাকার ঘোষণা এনসিপির
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জুবাইরুল হাসান আরিফের নাম ঘোষণা করা হলেও, জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু নাসের প্রার্থিতা প্রত্যাহার না করায় জোটের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে জামায়াতের পক্ষে কাজ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘির মোড় এলাকায় একটি রেস্তোরাঁয় আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলম।

তিনি বলেন, “চট্টগ্রামে জোট থেকে এনসিপিকে মাত্র একটি আসন দেওয়া হয়েছে। অথচ সেই আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচনে রয়েছেন। জুবাইরুল হাসান আরিফ জোটের প্রার্থী হওয়া সত্ত্বেও জামায়াতের প্রার্থী নির্বাচন থেকে সরে যাননি। ফলে জামায়াতের নেতাকর্মীরা আমাদের প্রার্থীর পক্ষে মাঠে নামেননি।”

তিনি আরও বলেন, “চট্টগ্রাম-৮ আসন থেকে জামায়াত প্রার্থী প্রত্যাহার না করলে আমরা আনোয়ারা–কর্ণফুলী আসনে জামায়াতের সঙ্গে কাজ করব না। এ বিষয়ে আমরা প্রকাশ্য ঘোষণা আশা করছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মো. সাজ্জাদ, সদস্য ইরফান মাহমুদ, মো. আকাশ নুর, জহির উদ্দিন চৌধুরী হিমেল, আনোয়ারা উপজেলার যুগ্ম সমন্বয়কারী মো. দেলওয়ার হোসেন, আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ জাফর ইসলাম চৌধুরীসহ এনসিপির নেতৃবৃন্দ।