সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:২৫, ২ ফেব্রুয়ারি ২০২৬

‘উইন্টার ইজ কামিং’: গেম অব থ্রোন্স আদলে জামায়াত আমিরের ব্যানার, কাদের কাজ জানে না দল

‘উইন্টার ইজ কামিং’: গেম অব থ্রোন্স আদলে জামায়াত আমিরের ব্যানার, কাদের কাজ জানে না দল
ছবি: সংগৃহীত

জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোন্স-এর আদলে তৈরি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত একটি ব্যানার চট্টগ্রাম নগরীতে টাঙানোকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজনদের মধ্যে ব্যাপক কৌতূহল ও সমালোচনার জন্ম দিয়েছে। তবে জামায়াত ও ইসলামী ছাত্রশিবির জানিয়েছে, এসব ব্যানারের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।

সম্প্রতি চট্টগ্রাম নগরীর বড়পোল ও চকবাজার এলাকায় ব্যানারগুলো টাঙানো হয়। ব্যানারে গেম অব থ্রোন্সের জনপ্রিয় সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ ব্যবহার করে ডা. শফিকুর রহমানের একটি ছবি সংযোজন করা হয়েছে। ছবিতে তাকে অগ্রভাগে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং তার হাতে রয়েছে তলোয়ার আকৃতির দাঁড়িপাল্লা। ব্যানারের নিচে লেখা রয়েছে— ‘দাদু ফ্যান ক্লাব চট্টগ্রাম’।

বর্তমানে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী সফরে রয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এর ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি কক্সবাজার হয়ে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি কক্সবাজারের মহেশখালী ও সদর, চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া, সীতাকুণ্ড এবং চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মোট পাঁচটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এই সফরকে কেন্দ্র করেই গেম অব থ্রোন্সের আদলে তৈরি ব্যানারগুলো টাঙানো হয়েছে বলে ধারণা করছেন অনেকেই।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ফ্যান পেজ থেকে এসব ছবি ভাইরাল হয়েছিল। পরে কেউ সেগুলো প্রিন্ট করে ব্যানার আকারে টাঙিয়েছে। এর সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, আমিরে জামায়াতকে কেন্দ্র করে কিছু ফ্যানভিত্তিক পেজ তৈরি হয়েছে। তারা হয়তো আবেগ বা ক্রেইজ প্রকাশ করতে গিয়ে এমন ব্যানার টাঙিয়েছে। এসব ছবির বিশেষ কোনো রাজনৈতিক অর্থ নেই।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরী জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং সাংগঠনিক সিদ্ধান্তে এমন কোনো ব্যানার টাঙানো হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দাদু ফ্যান ক্লাব’ লিখে সার্চ দিলে একাধিক পেজ ও গ্রুপ পাওয়া যাচ্ছে, যেখানে এ ধরনের বহু ছবি শেয়ার করা হয়েছে। নেটিজনদের কেউ কেউ বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করছেন, আবার কেউ সমালোচনাও করছেন।

উল্লেখ্য, গেম অব থ্রোন্স সিরিজে ‘উইন্টার ইজ কামিং’ সংলাপটি স্টার্ক পরিবারের মূলমন্ত্র হিসেবে পরিচিত। এটি আসন্ন বিপদ ও বড় পরিবর্তনের সতর্কবার্তা বোঝাতে ব্যবহৃত হয়, যা সিরিজটিকে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।