রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:৩২, ৩১ জানুয়ারি ২০২৬

প্রচারণায় যাওয়ার পথে জামায়াত নেতাকর্মীদের নৌকাডুবি

প্রচারণায় যাওয়ার পথে জামায়াত নেতাকর্মীদের নৌকাডুবি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণসংযোগে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে জামায়াতে ইসলামীর তিন নেতা-কর্মী আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের সাঙ্গু নদীতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— আমিলাইষ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রহমান (৫০), আমিলাইষ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক নুরুল মনির (৩৬) এবং স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মী আব্দুল মোমেন (৩৫)। 

বর্তমানে তারা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

নৌকাডুবির ঘটনায় থাকা আমিলাইষ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শওকত আলী জানান, তারা ১০ থেকে ১২ জন নেতা-কর্মী নিয়ে আমিলাইষ আদর্শ দাখিল মাদ্রাসা সংলগ্ন ঘাট থেকে একটি নৌকায় চড়ে ২ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ার দিকে যাচ্ছিলেন। নদীর মাঝখানে পৌঁছালে ভাটা ও বাতাসের কারণে নৌকাটি দুলতে শুরু করলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও জেলেরা কয়েকটি নৌকা নিয়ে এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।