বেগমগঞ্জে জামায়াতের নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ৭
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি কর্মীদের হামলায় জামায়াতে ইসলামীর সাত নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির দরজায় এ হামলার ঘটনা ঘটে।
বেগমগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মো. জাকির হোসেন অভিযোগ করে বলেন, বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা চালানোর সময় বিএনপির কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়।
হামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. হাবিব উল্লাহ (২৭), কর্মী জাহিদ (১৯), হৃদয় (২৭), অনিক (১৯), অপূর্ব (১৯), সাইফ (১৮) এবং নজরুল ইসলাম সাগর (২৫) আহত হন।
আহত জাহিদকে গুরুতর অবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না, তবে খোঁজ নিয়ে পরে জানাবেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



























