শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৮:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

দাঁড়িয়ে থাকা ট্রলিকে ধাক্কা, মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

দাঁড়িয়ে থাকা ট্রলিকে ধাক্কা, মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সিপাহিপাড়া–দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মো. সানিয়াত ও হোসাইন মোহাম্মদ সাকিবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউল করিম জানান, তুর্জয় মাঝিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

সর্বশেষ