নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।
মৃতরা হলেন- মধ্যনাকশী গ্রামের মো. হযরত আলীর ছেলে রোহান এবং একই গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে ইসমাইল।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সন্ধ্যার পর থেকে স্বজন ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন এলাকায় তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে সোমবার সকালে স্থানীয় একটি বড় পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধারের পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।



























