মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৩, ২৪ আগস্ট ২০২৬

বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশাল থেকে ঢাকাসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস শ্রমিকেরা। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সোমবার (২৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে এ ধর্মঘট শুরু হয়। এরপর বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে অভ্যন্তরীণ ১৪টি রুটসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বাস শ্রমিক ও মালিকদের সঙ্গে থ্রি-হুইলার মাহিন্দ্রার চালক-মালিকদের বিরোধ দীর্ঘদিনের। বরিশাল থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই উত্তেজনা দেখা যায়।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় বাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিকদের সঙ্গে মাহিন্দ্রাচালকদের বিরোধ হয়। বাস শ্রমিকদের অভিযোগ, সেখানে মাহিন্দ্রাচালকেরা সংঘবদ্ধ হয়ে বাস শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে বানারীপাড়াগামী অন্য একটি বাসেও একই ধরনের ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে প্রথমে বরিশাল থেকে অভ্যন্তরীণ ১৪টি রুটে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। পরে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

বাসচালক আমজাদ বলেন, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। পুলিশের সামনে দিয়ে এসব যানবাহন চলাচল করলেও অনেক সময় কোনো ব্যবস্থা নেওয়া হয় না। থ্রি-হুইলারের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি। মহাসড়ক থেকে থ্রি-হুইলার সরানো না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি বলেন, বানারীপাড়ায় মাহিন্দ্রাচালকেরা সড়ক আটকে বাস শ্রমিকদের সঙ্গে ঝামেলায় জড়ান। শ্রমিকেরা শুরুতে কোনো প্রতিক্রিয়া দেখাননি। পরে পরিস্থিতি বিবেচনায় দুপুরে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তবে এ বিষয়ে থ্রি-হুইলার মাহিন্দ্রার চালক বা মালিকদের বক্তব্য পাওয়া যায়নি।

বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নথুল্লাবাদ বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় নথুল্লাবাদ বাস টার্মিনালে আটকা পড়েছেন অনেক যাত্রী। কেউ বাসের অপেক্ষায় টার্মিনালে বসে আছেন, আবার দূরপাল্লার বাসে ওঠা যাত্রীরাও পড়েছেন চরম ভোগান্তিতে। হঠাৎ বাস ধর্মঘটের কারণে বরিশাল থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

সর্বশেষ

জনপ্রিয়