রোববার ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:২২, ৫ সেপ্টেম্বর ২০২৬

উত্তরা হোটেল থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

উত্তরা হোটেল থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
গ্রাফিক্স

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (প্রায় ৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটের বেঙ্গল হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে হোটেলের ৯০৫ নম্বর কক্ষে ওই ব্যক্তিকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। একই হোটেলের ৪০৪ ও ৪০৬ নম্বর কক্ষে থাকা আরও তিন চীনা নাগরিক গুও পেংফেই, গাও ঝেনলিয়াং ও লিউ হাওলিন বিষয়টি দেখতে পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

পুলিশ ও হোটেল কর্মীদের বক্তব্যে অতিরিক্ত মদ্যপানের বিষয়টি উঠে এসেছে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, হোটেলটিতে মদ বিক্রি বা সেবনের অনুমোদন ছিল না। অভিযোগ রয়েছে, পাশের একটি বার থেকে হোটেলের অতিথিদের নিয়মিত মদ সরবরাহ করা হতো।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী হোটেলটি জোরপূর্বক দখল করে ভাড়া দিচ্ছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

হোটেলটির মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী সারোয়ার হোসেনের সঙ্গে বিরোধ রয়েছে বলেও জানা গেছে। আদালতের আদেশে ‘হুদাবাশি’ নামে একটি প্রতিষ্ঠানকে হোটেলটির রিসিভার নিয়োগ করা হলেও পুলিশ তাদের সহযোগিতা করছে না—এমন অভিযোগও রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রয়োজন।
 

জনপ্রিয়