শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০২, ১১ সেপ্টেম্বর ২০২৬

কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী

কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী
ছবিঃ প্রতিনিধি

নিয়মিত পৌরকর ও ভ্যাট দেন, নির্বাচনে অংশ নিয়ে ভোটও দেন। তবুও মিলছে না সুপেয় পানি, ড্রেনেজ ব্যবস্থা, কিংবা রাতের আলোকবাতির মতো প্রাথমিক নাগরিক সুবিধা। দীর্ঘদিনের অবহেলা ও অন্তহীন দুর্ভোগ থেকে নিষ্কৃতি পেতে এবার ব্যানারে ব্যানারে ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছেন যশোর শহরের ১ নম্বর ওয়ার্ডের সিটি কলেজপাড়ার বাসিন্দারা।

আজ শুক্রবার ১১ সেপ্টেম্বর সকালে এলাকাটির বিভিন্ন মোড়ে মোড়ে ক্ষোভ সংবলিত ব্যানার ঝুলতে দেখা যায়।ব্যানারগুলোতে লেখা— “আমি ভাঙাচোরা রাস্তা, লাইট, ড্রেন ও ডাস্টবিনবিহীন ১ নম্বর ওয়ার্ডের সিটি কলেজপাড়াবাসী বলছি”। প্রশ্ন তুলে লেখা হয়েছে, “আমরা পৌরকর, ভ্যাট সবই পরিশোধ করি। তাহলে আমরা কেন পৌরসেবা থেকে বঞ্চিত? আমরা ভোটও প্রদান করি, তাহলে কেন আমরা অবহেলিত?”

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এলাকাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তার পিচ উঠে কোথাও খানাখন্দ, আবার কোথাও উঁচু-নিচু ইটের সলিংয়ের কারণে মাঝেমধ্যেই উল্টে যাচ্ছে যানবাহন।সড়কের পাশাপাশি রয়েছে আলো ও বর্জ্য সমস্যা। সড়কবাতি না থাকায় রাতের অন্ধকার নেমে আসে পুরো পাড়ায়। আবার নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় খোলা জায়গায় আবর্জনা জমে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

বাসিন্দাদের দাবি, পৌরসভায় একাধিকবার জানিয়েও সুরাহা না পাওয়ায় বাধ্য হয়েই তারা এ পথ বেছে নিয়েছেন। দ্রুত সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়