বুধবার ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৮, ৩ নভেম্বর ২০২৬

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে ৩৮৫ জন আটক

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে ৩৮৫ জন আটক
ছবিঃ সংগৃহীত

কুমিল্লায় শিল্প কারখানা শ্রমিক বিশৃঙ্খলার উস্কানিদাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য ও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযানে ৩৮৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযানে অংশ নেন জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “শিল্প কারখানায় শ্রমিকদের বিশৃঙ্খলা সৃষ্টির মূল উস্কানিদাতা মাসুদ রানাকে (২৬) শনাক্ত করে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করে শ্রমিকদের আন্দোলনে উস্কানি দিচ্ছিলেন।”

এছাড়াও জেলার বিভিন্ন থানা এলাকা এবং কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিল্প কারখানায় শ্রমিক বিশৃঙ্খলার উস্কানিদাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযানে মোট ৩৮৫ জনকে আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “উঠতি বয়সি কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোরদের পড়ার টেবিলে ফেরাতে এবং নিরাপদ নগরী গড়তে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এই ক্ষেত্রে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, এ বিষয়ে কঠোর পর্যবেক্ষণ করা হচ্ছে।”

জনপ্রিয়