বুধবার ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ৩ নভেম্বর ২০২৬

সুলতান সালাউদ্দিন টুকু

মজুরি কমিশন গঠিত হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই

মজুরি কমিশন গঠিত হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই
ছবিঃ সংগৃহীত

তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি কমিশন ইতোমধ্যে গঠন করা হয়েছে। তাই এখন আর আন্দোলন করার সুযোগ নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সাভার উপজেলা পরিষদে তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “মজুরি কমিশন ইতোমধ্যে গঠিত হয়েছে। শ্রমিকদের যে চাওয়া ছিল, মজুরি কমিশন গঠিত হোক, মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তারা একটি মজুরি কমিশনের যে সিদ্ধান্ত হবে সে অনুযায়ী হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষা করার বিষয়টি সবসময় দেখা হয়েছে।”

তিনি বলেন, “মজুরি কমিশন গঠন হওয়ার পরে আজকের যে পরিস্থিতি, শ্রমিকরা তাদের কাজে ফিরে গেছে। এবং এ জায়গার পরিবেশ অত্যন্ত শান্ত রয়েছে। কোনো অসুবিধা নেই। স্বাভাবিক রয়েছে। আপনারা দেখছেন ইতোমধ্যে।”

প্রতিমন্ত্রী বলেন, “তৃতীয় পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। যারা ফ্যাসিবাদের দোসর, তারা সুযোগ নিতে চেয়েছিল, এই ক্ষেত্রে। আশা করি, প্রশাসনের যে তৎপরতা রয়েছে এবং জনগণও এ ব্যাপারে সজাগ রয়েছে। তারা কোনোভাবে যেন সুযোগ নিতে না পারে, এ ব্যাপারে সবাই একমত রয়েছে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কাজেই ষড়যন্ত্র করে ঘোলা পানিতে মাছ শিকার করা যাবে না। বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের স্বার্থ রক্ষা করেই আমরা পথ চলেছি। এবং আগামী দিনে শ্রমিকরা যেটা চেয়েছিল, সেটা ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। মজুরি কমিশন গঠন হয়েছে। এখন থেকে পরিবেশ ঠিক থাকবে।”

এদিকে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিক বিক্ষোভের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। অবৈধভাবে আন্দোলনে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সাভার ও আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।

বৈঠকে স্থানীয় সংসদ সদস্য চিকিৎসক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু উপস্থিত ছিলেন।

জনপ্রিয়