বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৪, ৫ নভেম্বর ২০২৬

শেরপুরে বিদেশি মদ পাচারের সময় সিএনজিচালক আটক

শেরপুরে বিদেশি মদ পাচারের সময় সিএনজিচালক আটক
ছবিঃ সংগৃহীত

শেরপুরে বিশেষ কৌশলে বিদেশি মদ পাচারের সময় দেলোয়ার হোসেন (৪৫) নামে এক সিএনজিচালককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪)।

বুধবার (৪ নভেম্বর) রাত ১০টায় এসআরবি-১৪ (সিপিসি-১) সূত্রে জানানো হয়, বিকেলে শেরপুর সদর উপজেলার আমতলা বাজারসংলগ্ন মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়।

এসময় কুসুমহাটি বাজার থেকে জামালপুরগামী একটি সন্দেহভাজন সিএনজি চেকপোস্টে তল্লাশি এড়াতে পালানোর চেষ্টা করে। পরে এসআরবির সদস্যরা সিএনজিচালক দেলোয়ার হোসেনকে আটক করেন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ড্রাইভিং সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে শেরপুর জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশি মদ সংগ্রহ করে সিএনজিযোগে জামালপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন। এসময় মাদক ও পরিবহনে ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন বাজাজ সিএনজিটি জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিকে আলামতসহ শেরপুর সদর থানায় পাঠানো হয়।

এসআরবি-১৪, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, সারাদেশে মাদকের বিস্তার রোধ ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে এসআরবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জনপ্রিয়