শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে এক শিক্ষকসহ দুইজন নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে কেরানীহাট এলাকায় মহাসড়কের নবনির্মিত রেললাইনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার বিড়ির চং এলাকার বাসিন্দা সোহানা (৪৫) ও ইসরাফিল (৫৫)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে একটি বাস গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল। পথে কেরানীহাটের নবনির্মিত রেলক্রসিং অতিক্রমের সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



























