বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৪, ২৫ আগস্ট ২০২৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যবিপ্রবি শিক্ষার্থী আদিবা সাহার মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যবিপ্রবি শিক্ষার্থী আদিবা সাহার মৃত্যু
ছবি: গ্রাফিক্স

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদিবা সাহার মারা গেছেন।

সোমবার (২৪ আগস্ট) রাত ৯ টা ৪৫ মিনিটে ঢাকা ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২১ বছর।

জানা যায়, গত ১৩ আগস্ট অসুস্থ হয়ে পড়লে আদিবাকে প্রথমে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ আগস্ট উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ঢাকায় দুইটি ভিন্ন হাসপাতালে ১৬ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত আইসিউতে থাকার পর মৃত্যু হয় আদিবার। মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে আদিবার সহপাঠী ও যবিপ্রবির বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে আদিবাকে স্মরণ করে আবেগঘন নানা পোস্ট দেন তারা।

এই বিষয়ে উক্ত বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ নাভিদ আনজুম বলেন" আমাদের বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আদিবা সাহা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ রাত ৯টা ২৪ মিনিটে মৃত্যুবরণ করেছে। তার চিকিৎসায় রক্তদাতা ও আর্থিকভাবে যারা সহযোগিতা করে পাশে ছিলেন, সিডিএম পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আদিবার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"

আদিবার বিভাগের এক বড় ভাই মো. সজীব সরকার বলেন, "আদিবার এমন অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। মাত্র ২১ বছর বয়সে এভাবে চলে যাবে, এটা আমরা কেউই মেনে নিতে পারছি না। সে ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সম্ভাবনাময় একজন শিক্ষার্থী। একজন ছোট বোনের মতো তাকে হারানোর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। আমরা আদিবার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।" 

এদিকে আদিবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যবিপ্রবির সিডিএম বিভাগ। বিভাগটির পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়