যবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে ফিশারিজ ক্লাবের নির্বাচন, নেতৃত্বে আখতারুজ্জামান-ফিরোজ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে 'ফিশারিজ ক্লাব নির্বাচন-২০২৬' সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার ড. মঞ্জুরুল হক, ড. মোঃ আবদুস সামাদ ও ড. প্রিয়ঙ্কা পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি (ভাইস প্রেসিডেন্ট) পদে মোঃ আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক পদে মোঃ ফিরোজ হোসেন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাহফুজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সাংগঠনিক সম্পাদক হাবিব কায়সার (১) ও মোঃ আশিকুর রহমান (২), কোষাধ্যক্ষ মোঃ সাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আসিফ হাসান এবং সাংস্কৃতিক সম্পাদক সেফা খানম। ক্রীড়া সম্পাদক পদে মোঃ রাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যের চারটি পদে নির্বাচিত হয়েছেন রাকিন কবির, রাকিবুল হাসান সজীব, শান্তনু ঢালী ও হাসিবুল হক। তাঁদের মধ্যে প্রথম তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন নেতৃত্বের কাছে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা ফিশারিজ ক্লাবকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করা এবং একাডেমিক কার্যক্রমের পাশাপাশি দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার প্রস্তুতি, গবেষণা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি করা।
নবনির্বাচিত সহ-সভাপতি মো. আখতারুজ্জামান বলেন, “ফিশারিজ ক্লাব কোনো একক ব্যক্তির নয়, এটি পুরো এফএমবি পরিবারের। ক্লাবকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার, উচ্চশিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষকবৃন্দের নির্দেশনা ও সবার সহযোগিতায় ফিশারিজ ক্লাবকে একটি মডেল ক্লাবে রূপান্তর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন বলেন, “আমাদের ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। শিক্ষার্থীদের প্রত্যাশার সঙ্গে ক্লাবের কার্যক্রমের সমন্বয় করে ক্যারিয়ার সেমিনার, একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা এবং গবেষণামূলক আয়োজন করা হবে। ক্লাবের প্রতিটি উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।”
ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, এফএমবি বিভাগের চেয়ারম্যান পদাধিকারবলে ফিশারিজ ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন কার্যনির্বাহী পরিষদ ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।



























