ক্যারিয়ার প্রস্তুতি ও দক্ষতা উন্নয়নে কুবিতে মাস্টারক্লাস
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ক্যারিয়ার প্রস্তুতি, চাকরির বাজারে নিজেকে এগিয়ে রাখা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের কৌশল নিয়ে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এন্ট্রপ্রেনিয়রশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) এ আয়োজন করে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ মাস্টারক্লাস অনুষ্ঠিত হয়।
আইন বিভাগের শিক্ষার্থী রিফাত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মইনুল হাসান ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক প্রভাব ও জলবায়ু উদ্যোক্তা এবং কৃষি স্বপ্নের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সায়েদ জুবায়ের হাসান, মণ্ডল গ্রুপের উপমহাব্যবস্থাপক (ডিজিএম), মানবসম্পদ বিভাগ খন্দকার নাজমুল আলম এবং স্নোটেক্স গ্রুপের গ্রুপ হেড অব হিউম্যান রিসোর্সেস (সিএইচআরও) মো. তাসবিউল আলম তাসিব।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মঈনুল হাছান বলেন,' বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির যৌথভাবে কাজ করার বিকল্প নেই। শিল্প খাতের সঙ্গে মেলবন্ধনের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে। সেলস, মার্কেটিং, এইচআর ও সাপ্লাই চেইন খাতের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় শিক্ষার্থীদের বাজারের চাহিদা বুঝতে সহায়তা করছে। একাডেমিয়া-ইন্ডাস্ট্রির সমন্বিত উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে পারে।'
তিনি আরও বলেন, 'কর্মজীবনে সফল হতে শুধু ভালো সিজিপিএ যথেষ্ট নয়। সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে ব্যবহারিক দক্ষতা অর্জনও জরুরি। ইভেন্ট ম্যানেজমেন্ট, স্পনসরশিপ ও উপস্থাপনার অভিজ্ঞতা শিক্ষার্থীদের করপোরেট নেতৃত্বের জন্য প্রস্তুত করে। তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে পরিবার ও দেশের স্বপ্ন পূরণে এগিয়ে আসার আহ্বান জানান।'
স্নোটেক্স গ্রুপের গ্রুপ হেড অব হিউম্যান রিসোর্সেস (সিএইচআরও) মো. তাসবিউল আলম তাসিব বলেন, 'চাকরিতে সফল হতে প্রার্থীর পেশাদারিত্ব, আবেগীয় বুদ্ধিমত্তা, ইতিবাচক মানসিকতা ও অহংবোধ নিয়ন্ত্রণ এই চারটি গুণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিয়োগের ক্ষেত্রে সিভি যাচাইয়ে ১০ থেকে ১৫ সেকেন্ডেরও কম সময় ব্যয় করা হয়। এ সময় সিভির ছবি, ই-মেইল ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও তথ্য উপস্থাপনের ধরন বিশেষভাবে বিবেচনা করা হয়। তাই সিভিতে পেশাদার ছবি, স্বাভাবিক ই-মেইল ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতা ধারাবাহিকভাবে উপস্থাপন জরুরি।'
তিনি আরও বলেন, 'পেশাদারিত্ব কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা ও ভালো পারফরম্যান্স নিশ্চিত করে। আবেগীয় বুদ্ধিমত্তা কর্মীকে নিজের আবেগ নিয়ন্ত্রণ ও অন্যের অনুভূতি বুঝতে সহায়তা করে। ইতিবাচক মানসিকতা নতুন দায়িত্ব গ্রহণ ও শেখার আগ্রহ বাড়ায়, আর অতিরিক্ত অহংবোধ ক্যারিয়ারের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। প্রতিকূল পরিস্থিতিতে নেতিবাচক না হয়ে বাস্তবতা মেনে নিয়ে নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই সফলতার চাবিকাঠি।'
ইএলডিসির সভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, '(ইএলডিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ও নেক্সটজবের সহযোগিতায় আয়োজিত ক্যারিয়ার মাস্টারক্লাসে শিক্ষার্থীরা ক্যারিয়ার প্রস্তুতি, সাক্ষাৎকার কৌশল, পেশাগত দক্ষতা ও নিয়োগদাতাদের প্রত্যাশা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল মক ইন্টারভিউ সেশন, যেখানে শিক্ষার্থীরা বাস্তব সাক্ষাৎকারের অভিজ্ঞতা ও সরাসরি ফিডব্যাক নেওয়ার সুযোগ পান। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই সেশন থেকে দুই শিক্ষার্থী সরাসরি ইন্টার্নশিপের সুযোগ অর্জন করেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের শুধু ক্যারিয়ার বিষয়ে ধারণা দেওয়ার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের সুযোগের সম্ভাবনা বেড়েছে।'



























