শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:০৬, ২৯ অক্টোবর ২০২৬

কুয়েটে অনিয়মের অভিযোগে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

কুয়েটে অনিয়মের অভিযোগে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত
ছবিঃ সংগৃহীত

বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পাঁচ শিক্ষকসহ সাতজনকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। চাকরিচ্যুত সাতজনই দীর্ঘদিন ধরে সাময়িক বরখাস্ত ছিলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করেন।

চাকরিচ্যুত শিক্ষকেরা হলেন—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডল এবং মানবিক ও ব্যবসা বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা ও সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।

চাকরিচ্যুত অন্য দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি এবং অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্ত।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, চাকরিচ্যুতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অমান্য, চাকরিতে যোগদানের সময় ভুয়া অভিজ্ঞতার তথ্য প্রদান এবং নিয়োগের ক্ষেত্রে বয়সসংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগ তদন্তের পর সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। তাঁদের মধ্যে কেউ ব্যাখ্যা দিলেও কেউ দেননি।

পরে তদন্তে উঠে আসা বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। সভায় অভিযোগ ও সংশ্লিষ্ট প্রক্রিয়া পর্যালোচনা শেষে সাতজনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা বলেন, ১১৫তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সাতজনকে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ থাকায় সাময়িক বরখাস্ত করা হয়েছিল। অভিযোগ তদন্ত ও ব্যাখ্যা তলবের প্রক্রিয়া শেষে সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়