ইউসেটে ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করলো ইউজিসি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির (ইউএসইটি) একাডেমিক, প্রশাসনিক ও ভর্তি কার্যক্রমসহ সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বৃহস্পতিবার ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য এবং জনস্বার্থে জানানো যাচ্ছে যে, ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউএসইটি) সরকার কর্তৃক ২০১৯ সালের ২৮ আগস্ট ২১১ নম্বর স্মারকে ৭ বছরের জন্য সামাদবানু টাওয়ার, প্লট নম্বর-২৯৮-২৯৯, খোর্দ্দ ঘোষপাড়া, উপজেলা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ ঠিকানায় অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতি পায়।
পরবর্তীতে ইউজিসি ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি শর্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়টিকে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়। তবে বর্তমানে সরকার ও ইউজিসি অনুমোদিত ওই ঠিকানায় বিশ্ববিদ্যালয়টির কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির পূর্বানুমোদন ছাড়া কোনো ঠিকানা বা ভবনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।
ইউজিসি জানায়, ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা, ওয়েবসাইটের ডোমেইন জটিলতা এবং সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হয়েছে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির সাময়িক অনুমতির মেয়াদও উত্তীর্ণ হয়েছে।
এসব কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী ইউএসইটির ভর্তি ও শিক্ষা-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ১২(২) ধারা অনুযায়ী ইউএসইটির চলমান প্রোগ্রামে ইতোমধ্যে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে শিগগিরই পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে ইউএসইটিতে নতুন শিক্ষার্থী ভর্তি সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল ইউজিসি। তখন চলমান কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তবে নতুন গণবিজ্ঞপ্তিতে এবার বিশ্ববিদ্যালয়টির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।



























