শনিবার ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৯, ৬ নভেম্বর ২০২৬

গোবিপ্রবিতে ১মবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ১মবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রথমবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের বরিশাল অঞ্চল পর্বের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন, বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন গোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান।

এ সময় অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বাংলাদেশ গণিত সমিতি ও আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, মেধার বিকাশের জন্য গণিত চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণিত অলিম্পিয়াড এর অন্যতম একটি প্ল্যাটফর্ম। এর মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে সেরা মেধাবীদের বাছাই করা হয় এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দেশের প্রতিনিধি নির্বাচন করা হয়। গণিতের প্রসারে এই অলিম্পিয়াড অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে।

প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে সারাদেশকে আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যে বরিশাল অঞ্চলের ১১টি জেলার চারটি পাবলিক ও পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ১৭টি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নিতে মোট ১৪০ জন শিক্ষার্থী নিবন্ধন করেন।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মূল্যায়ন শেষে বিকেল ৩টায় ফলাফল প্রকাশ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বরিশাল পর্বের এ গণিত অলিম্পিয়াড আয়োজনে কনভেনরের দায়িত্ব পালন করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলাম।

সার্বিক কার্যক্রম নিয়ে তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় গণিত অলিম্পিয়াড আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই আয়োজনে আমরা সবার সহযোগিতা পেয়েছি। আশা করছি, এই ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরও বড় পরিসরে গণিত উৎসব আয়োজন করতে পারবো।”

অলিম্পিয়াডে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দীপঙ্কর কুমার, বাংলাদেশ গণিত সমিতির ভাইস প্রেসিডেন্ট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মাহতাব উদ্দিন আহাম্মদ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহানশাহ্ খান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমান, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন এবং সরকারি ব্রজমোহন কলেজের সহযোগী অধ্যাপক গৌতম কুমার সাহা।

জনপ্রিয়