মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৮:০১, ১০ নভেম্বর ২০২৬

বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আটক ২

বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আটক ২
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেট সংলগ্ন এলাকায় রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইয়াছিন মার্কেট সংলগ্ন রেললাইন এলাকায় তাদের আটক করেন বাকৃবি শাখা ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

আটক দুজন হলেন আনন্দ মোহন কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ সম্পাদক ঝিনুক ও তার সহযোগী নির্জন। এ সময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শৈবাল পালিয়ে যান বলে জানা গেছে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আটক দুজনকে পুলিশের কাছে সোপর্দ করে।

বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিনজনকে বিশ্ববিদ্যালয়ের ইয়াছিন মার্কেট সংলগ্ন রেললাইন এলাকায় আগুন দেওয়ার চেষ্টা করতে দেখা যায়। এ সময় সাধারণ শিক্ষার্থী ও অন্যরা তাদের হাতেনাতে আটক করেন। ধস্তাধস্তির একপর্যায়ে শৈবাল পালিয়ে যান। বাকি দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইব বলেন, ঘটনার সময় তারা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেটে ছিলেন। তাদের কর্মীরা দুজনকে আটকের খবর দিলে তিনি শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে নিয়ে ঘটনাস্থলে যান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আটক দুজনকে থানায় সোপর্দ করে।

জনপ্রিয়