মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩২, ১০ নভেম্বর ২০২৬

জাকসু নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণাসহ ছয় দফা দাবি

জাকসু নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণাসহ ছয় দফা দাবি
ছবিঃ প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা ও নির্বাচন সম্পন্ন করাসহ ক্যাম্পাস সংস্কারে ছয় দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই গণঅভ্যুত্থানে হামলায় মদদদাতা ও অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে পুনঃতদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করা। অবিলম্বে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন সম্পন্ন করার দাবিও জানায় সংগঠনটি।

এ ছাড়া একাডেমিক নিপীড়নে জড়িত শিক্ষকদের দৃষ্টান্তমূলক বিচার, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, সব বিভাগে মানোন্নয়ন পরীক্ষার ব্যবস্থা এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ চালুর দাবি জানানো হয়।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সাম্প্রতিক ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং পুরো ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলে ধরে সংগঠনটি।

প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়, রেজিস্ট্রার অফিস ও কেন্দ্রীয় লাইব্রেরিসহ বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অটোমেশনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানসহ সংগঠনটির অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়