রোববার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০০, ১৪ নভেম্বর ২০২৬

রাবিপ্রবিতে ডিজিটাল দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের অনাগ্রহ

রাবিপ্রবিতে ডিজিটাল দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের অনাগ্রহ
ছবিঃ প্রতিনিধি

প্রযুক্তিনির্ভর চাকরির বাজারে ডিজিটাল দক্ষতার গুরুত্ব বাড়লেও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের দক্ষতা অর্জনে অনাগ্রহ দেখা যাচ্ছে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি ডিজিটাল দক্ষতা অর্জন কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এ বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ, উদ্যোগ ও সচেতনতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদের অধীনে পাঁচটি বিভাগে এক হাজারের অধিক শিক্ষার্থী থাকলেও লাইব্রেরিতে স্থাপিত একমাত্র ই-লার্নিং রিসোর্স সেন্টারে গত ছয় মাসে (১ মে–৩১ অক্টোবর) ব্যবহারকারীর সংখ্যা মাত্র ২২ জন। লাইব্রেরির রেজিস্টার খাতা বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতি মাসে গড়ে ৪ জনের কম শিক্ষার্থী এটি ব্যবহার করেন।

এ বিষয়ে জানতে চাইলে নিয়মিত ব্যবহারকারী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. আরাফাত বলেন, “সামগ্রিকভাবে আমার অভিজ্ঞতা বেশ ভালো। তবে মাঝেমধ্যে কম্পিউটারগুলো হ্যাং করে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহেরও ঘাটতি রয়েছে। এ ক্ষেত্রে বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা করা যেতে পারে। কর্তৃপক্ষ যদি বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণ ও সমাধানের উদ্যোগ নেয়, তাহলে আশা করি এ ধরনের সমস্যা আর থাকবে না। গ্রন্থাগারে ই-লার্নিং সেন্টার থাকাটা শিক্ষার্থীদের জন্য শেখার ও নিজেদের দক্ষতা বিকাশের একটি দারুণ সুযোগ।”

এ বিষয়ে জানতে চাইলে ডেপুটি লাইব্রেরিয়ান আতু মারমা বলেন, “শিক্ষার্থীরা কেন ব্যবহার করছে না, আমরা তো বলতে পারব না। এটা শুধু সিএসই বা কোনো নির্দিষ্ট বিভাগের শিক্ষার্থীদের জন্য নয়, সব বিভাগের শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে। তবে বাকি বিভাগের তুলনায় বেশিরভাগ ক্ষেত্রে সিএসই বিভাগের শিক্ষার্থীদেরই ব্যবহার করতে দেখা যায়।”

এদিকে লাইব্রেরির দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা জানান, “অনেক শিক্ষার্থী ব্যবহার করেন, কিন্তু রেজিস্টার খাতায় লেখেন না। আমরা বললে পরে খাতায় লেখেন।”

উল্লেখ্য,২০২২ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ই-লার্নিং সেন্টার চালু করেছিল।

সর্বশেষ

জনপ্রিয়