গোলাপি আভায় জয়া আহসানের জাদু
দুই বাংলার গণ্ডি পেরিয়ে যিনি এখন নিয়মিতই আন্তর্জাতিক স্বীকৃতির আলোয়—তিনি জয়া আহসান। অভিনয়ের ব্যস্ততা, পুরস্কারের ঝুলি আর অনুরাগীদের ভালোবাসা মিলিয়ে যেন সাফল্যের এক রঙিন অধ্যায় পার করছেন এই অভিনেত্রী। ঠিক এমন সময়েই সামাজিক মাধ্যমে নিজের নতুন লুকের ছবি শেয়ার করে আবারও আলোচনায় উঠে এলেন তিনি।
সম্প্রতি কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জয়া আহসান। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের জন্য এই সম্মাননা পেয়েছেন তিনি। কাজের সূত্রে এখন টালিগঞ্জেই সময় কাটাচ্ছেন জয়া। সেখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইভেন্টেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে।
শনিবার নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে কলকাতার শিল্পীদের সঙ্গেও দেখা যায় তাকে। সেখানে জয়া পরেছেন একটি স্লিভলেস হল্টার-নেক স্টাইলের গোলাপি গাউন। পোশাকটির পেছনের অংশ ওপেন-ব্যাক ডিজাইনের, যা তার লুকে যোগ করেছে আধুনিক ও সাহসী মাত্রা। চুলে পরিপাটি পনিটেল আর কানে ছোট টপ—সব মিলিয়ে লুকটি ছিল আভিজাত্যপূর্ণ ও স্টাইলিশ।
ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘গোলাপি আভা, অকৃত্রিম মুহূর্ত, চিরন্তন এক সন্ধ্যা…।’
ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যায় বিভিন্ন পুরস্কারের ক্রেস্ট ও একটি অ্যান্টিক প্রজেক্টর, যা যেন তার দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারেরই প্রতীক হয়ে উঠেছে।
অভিনয়ের পাশাপাশি জয়ার চিরযৌবনা রূপ ও ফ্যাশন সেন্স বরাবরই প্রশংসিত। নতুন এই লুকেও তার ব্যতিক্রম হয়নি। পোস্টের নিচে ভক্তদের মন্তব্যের বন্যা বইছে। এক ভক্ত লিখেছেন,
‘পিঙ্ক হিউসে জয়া আহসান মানেই আলাদা এক গ্রেস—ন্যাচারাল, ক্যান্ডিড আর চিরকালীন সৌন্দর্যের নিখুঁত মিল।’ আরেকজন লিখেছেন, ‘কি মিষ্টি লাগছে!’ অন্য একজনের মন্তব্য, ‘অসাধারণ ফ্যাশন সেন্স, চোখ ফেরানো দায়!’
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে টালিউডে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসানের নতুন সিনেমা ‘ওসিডি’। সব মিলিয়ে পুরস্কার, নতুন সিনেমা আর স্টাইল স্টেটমেন্ট—ক্যারিয়ারের এক উজ্জ্বল শিখরে দাঁড়িয়ে আছেন এই জনপ্রিয় অভিনেত্রী।



























