বিমানবন্দরে মদসহ আটক মেহজাবীন চৌধুরী, রহস্যজনক অব্যাহতির অভিযোগ
দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া একটি পুরোনো ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগ উঠেছে, বিদেশ থেকে ফেরার সময় তার কাছে ১৪ বোতল অ্যালকোহল পাওয়া গেলেও রহস্যজনকভাবে কোনো আইনি ব্যবস্থা ছাড়াই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা যায়, গত বছরের ১৭ আগস্ট ব্যাংকক থেকে বিএস-২১৮ ফ্লাইটে ঢাকায় ফেরেন মেহজাবীন চৌধুরী। তার সঙ্গে ছিলেন স্বামী ও নির্মাতা আদনান আল রাজীব এবং পরিচালক শঙ্খ দাসগুপ্ত। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস কর্তৃপক্ষ তাদের লাগেজ তল্লাশি করে ১৪ বোতল অ্যালকোহল উদ্ধার করে।
প্রচলিত আইন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীদের এভাবে মদ বহন করা বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। জব্দকৃত পণ্যের বিপরীতে ডি-শিফটের রেভিনিউ কর্মকর্তা মো. মোতাকাব্বির আলী একটি আটক রশিদ (নং–ডিসিএইচ-ডিই-২০২৫০৮১৫২০) প্রস্তুত করেন।
নিয়ম অনুযায়ী বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করে মামলা হওয়ার কথা থাকলেও অভিযোগ রয়েছে, তাদের কাছ থেকে কেবল মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে মেহজাবীনের কাছ থেকে কোনো মুচলেকা নেওয়া হয়নি বলেও জানা গেছে।
আটককারী কর্মকর্তা মো. মোতাকাব্বির আলী জানিয়েছেন, তিনি নিয়ম মেনে মালামাল জব্দ করে সংশ্লিষ্ট শাখায় পাঠিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে কীভাবে বিষয়টি নিষ্পত্তি হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন। তাদের প্রটোকল দিতে আসা দুই অ্যাভিয়েশন সিকিউরিটি কর্মকর্তাও লিখিত মুচলেকা দিয়ে দায় এড়িয়েছেন বলে জানা গেছে।



























