মা হারালেন চিত্রনায়িকা বিপাশা
মাকে হারিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী ও চিত্রনায়িকা বিপাশা কবির। তার মা শাহিদা কবির আর নেই।
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের মৃত্যুর খবরটি নিজেই নিশ্চিত করেছেন বিপাশা কবির।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন শাহিদা কবির। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।
তবে শনিবার রাতে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কাছে হার মানেন শাহিদা কবির।
মায়ের মৃত্যুতে গভীর শোকের মধ্যে রয়েছেন বিপাশা কবির ও তার পরিবারের সদস্যরা। খবরটি ছড়িয়ে পড়ার পর তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে বিনোদন জগতে পা রাখেন বিপাশা কবির। ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি আইটেম গানে পারফর্ম করে দ্রুত পরিচিতি পান তিনি।
শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ সিনেমার আইটেম গানে পারফর্মের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এরপর দেশের বিভিন্ন সিনেমায় অর্ধশতাধিক আইটেম গানে পারফর্ম করে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী।
শুধু আইটেম গানেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি বিপাশা। পরবর্তী সময়ে চলচ্চিত্রের মূলধারার গল্পেও নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সোলমেট’। এটিই তার সর্বশেষ চলচ্চিত্রকর্ম।
পরবর্তীতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিপাশা কবির। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। মায়ের আকস্মিক মৃত্যুতে শোকাহত এই অভিনেত্রীর প্রতি সহমর্মিতা জানিয়েছেন তার সহকর্মী ও ভক্তরা।



























