সোমবার ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১, ২৩ আগস্ট ২০২৬

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা
ছবি: সংগৃহীত

একসময় নাটকে নিয়মিত অভিনয় করতেন শার্লিন ফারজানা। সাবলীল অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসাও পেয়েছেন তিনি। তবে ব্যক্তিগত কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। মাঝে বিজ্ঞাপনচিত্র ও সিনেমায় কাজ করলেও নাটকে দেখা যায়নি তাকে। অবশেষে দীর্ঘ সাত বছর পর নাটকে ফিরেছেন শার্লিন।

মাসরিকুল আলমের নির্মাণে ‘নীলপরী’ নাটকের মাধ্যমে পর্দায় ফিরছেন তিনি। এতে তার সহ-অভিনেতা হিসেবে রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। এর আগে ২০১৯ সালে সর্বশেষ নাটকে অভিনয় করেছিলেন শার্লিন।

ফেরার প্রসঙ্গে শার্লিন বলেন, ‘প্রায় সাত বছর পর নাটকে অভিনয় করছি। ২০২০ সালে মা হলাম। সেটার জন্য বিরতি নিতে হয়েছিল। সেই বিরতিই দেখতে দেখতে সাত বছরে গড়াল।’

‘নীলপরী’তে অভিনয়ের কারণ জানিয়ে তিনি বলেন, ‘মনে মনে চাইছিলাম, আগে যাদের সঙ্গে কাজ করতাম, তাদের সঙ্গেই ফিরি। নির্মাতা মাসরিকুল আলম যখন জানালেন, নাটকটিতে অপূর্ব ভাই আমার সহ-অভিনেতা, তখন মনে হলো—আমি তো এমনটাই চেয়েছি।’

গল্প ও চরিত্র পছন্দ হওয়ার কথাও জানান শার্লিন। তার ভাষায়, ‘এমন একটি গল্প চেয়েছিলাম, যেখানে চরিত্রটা আমার বয়সের সঙ্গে মেলে। এই নাটকের গল্প একটি দম্পতিকে ঘিরে। তারা প্রেম করে বিয়ে করে, এরপর সংসারে মনোমালিন্য হয়, আবার সেটি ঠিকও হয়ে যায়। গল্পের এই দিকটিও আমার ভালো লেগেছে।’

নাটকের নির্মাণব্যবস্থাপনাও শার্লিনকে আকৃষ্ট করেছে। তিনি বলেন, ‘আগে যখন নাটক করতাম, তখন বাজেট ছিল কম। আমরা শুটিংও করতাম তড়িঘড়ি করে। বাজেট বেশি থাকলে সর্বোচ্চ তিন দিনে শুটিং শেষ করতাম, নইলে গড়ে দুই দিনেই শেষ করতে হতো। আর এই নাটকটির শুটিং সাত দিন ধরে করছি। বাজেটও বেশ ভালো। নির্মাতা তার প্রয়োজন অনুযায়ী সবকিছুই করছেন।’

প্রসঙ্গত, একসময় অপূর্ব ও শার্লিন ফারজানা জুটি বেঁধে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। তাদের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—‘অপেক্ষার শেষ দিন’, ‘দ্য মাইজার’, ‘ভালোবাসার ফানুস’, ‘তাই তোমার গল্পে’ ও ‘সরি টু’সহ আরও কয়েকটি নাটক।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়