সাদা শাড়িতেও মোহময়ী মিম
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ফটোশুটেও নিয়মিতই নিজের উপস্থিতি জানান দেন তিনি। নতুন সাজে ক্যামেরার সামনে তার উপস্থিতি বরাবরই নজর কাড়ে ভক্তদের। এবারও অফ-হোয়াইট শাড়িতে মুগ্ধতা ছড়ানো বেশ কিছু ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক পেজে ১১টি ছবি পোস্ট করেন মিম। ছবিগুলোতে অফ-হোয়াইট শাড়িতে দেখা গেছে তাকে। সাজের সঙ্গে গলায় ছিল সবুজ পাথরখচিত নেকলেস। একই পাথরের গয়না শোভা পেয়েছে তার কানে, হাতে ছিল সবুজ পাথরের আংটি।
খোলা চুলে একের পর এক পোজ দিয়েছেন মিম। প্রতিটি ছবিতেই তার সাজ, অভিব্যক্তি ও সৌন্দর্য নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের প্রশংসায় ভাসতে থাকেন অভিনেত্রী।
মিমের পোস্টে এক অনুসারী মন্তব্য করেন, ‘বলতেই হয়, আপনার সৌন্দর্য অন্যসব তারকার চেয়ে বেশি লক্ষণীয়। আর আপনার ছবিগুলো ভীষণ সুন্দর। যেভাবে আপনি পোজ দেন, আপনার ভাবভঙ্গিতে আভিজাত্য স্পষ্ট। আমি বাকরুদ্ধ।’ আরেকজন লিখেছেন, ‘আপনি বরাবরই দেখতে আকর্ষণীয়।’ অন্য এক ভক্তের মন্তব্য, ‘সেরাদের সেরা সুন্দরী নায়িকা মিম।’
এদিকে অভিনয়ে মিমকে সর্বশেষ দেখা গেছে ‘লাইফলাইন’-এ। কাজী আসাদ পরিচালিত ওয়েব ছবিটি গত জুনে চরকিতে মুক্তি পায়। এরপর নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি এই অভিনেত্রীর।
তবে বড় পর্দায় মিমকে সর্বশেষ দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মালিক’ সিনেমায়। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। সিনেমাটি অবশ্য দর্শকমহলে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি।



























