ইউটিউব চ্যানেল খুললেন নুসরাত ফারিয়া
অভিনয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির পর এবার নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে যাত্রা শুরু করলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ভক্তদের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। তবে নতুন এই চ্যানেলে কী ধরনের কনটেন্ট প্রকাশ করবেন, তা নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।
সম্প্রতি আবেদনময়ী একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন ফারিয়া। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দয়া করে মন্তব্যের ঘর দেখেন।’ তার এই ইঙ্গিতপূর্ণ আহ্বানের পর পোস্টটি ঘিরে অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
পোস্টটির মন্তব্যের ঘরে এক নেটিজেন অভিনেত্রীর ভিডিও শেয়ার করার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে প্রশংসা করেছেন। এদিকে নতুন ইউটিউব চ্যানেলে ফারিয়া কী ধরনের ভিডিও প্রকাশ করবেন, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনুসারীদের জন্য কী চমক নিয়ে হাজির হন তিনি, এখন সেটিই দেখার বিষয়।
২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনা করেন অশোক পতি। সিনেমাটিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি।
এরপর ২০১৬ সালে ‘বাদশা: দ্য ডন’ সিনেমায় অভিনয় করেন ফারিয়া। বাবা যাদব পরিচালিত এই ছবিতে তার সহশিল্পী ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা জিৎ। সিনেমাটি নুসরাত ফারিয়ার অভিনয়জীবনে উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হয়। ছবিতে অভিনয়ের জন্য বাংলাদেশ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টেলি সিনে পুরস্কারও অর্জন করেন তিনি।



























