রোববার ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ৩১ অক্টোবর ২০২৬

জীবনসঙ্গী যেমন চান সাই পল্লবী, রান্না জানলে বাড়তি পাওয়া

জীবনসঙ্গী যেমন চান সাই পল্লবী, রান্না জানলে বাড়তি পাওয়া
ছবিঃ সংগৃহীত

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্য কিংবা অর্থবিত্ত নয়, বরং ভালো মন ও সুন্দর ব্যক্তিত্বকেই প্রাধান্য দেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। তার কাছে একজন মানুষের সবচেয়ে বড় গুণ হলো নিজের ভুল বুঝতে পারা এবং তা শুধরে নেওয়ার মানসিকতা। সেই সঙ্গে জীবনসঙ্গী রান্না করতে জানলে সেটিকে বাড়তি যোগ্যতা হিসেবেই দেখেন এই অভিনেত্রী।

নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। সিনেমাটির প্রচারের অংশ হিসেবে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে হাজির হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন অভিনেতা রবি দুবে। অনুষ্ঠানে সিনেমা নিয়ে আলোচনার ফাঁকে সাই পল্লবীর ব্যক্তিজীবন নিয়েও আগ্রহ প্রকাশ করেন সঞ্চালক অমিতাভ বচ্চন। জানতে চান, বাস্তব জীবনে কেমন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান তিনি। একজন মানুষের মধ্যে কী কী গুণ থাকা প্রয়োজন বলেও প্রশ্ন করেন অমিতাভ।

জবাবে সাই পল্লবী জানান, ‘সবার আগে তাকে একজন ভালো মানুষ হতে হবে। তিনি যেন অতিরিক্ত স্বার্থপর না হন। এমন একজন মানুষ হতে হবে, যিনি নিজের কাজকর্ম নিয়ে ভাবনাচিন্তা করেন এবং আত্মসমালোচনা করতে জানেন। অর্থাৎ, জীবনে তিনি কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন, সে সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকা উচিত।’

তিনি আরও বলেন, ‘ভুল করতেই পারেন, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার মানসিকতাও থাকতে হবে। নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করা চলবে না। আমার পছন্দের তালিকা খুব একটা বড় নয়। তাকে শুধু একজন ভালো মানুষ হতে হবে। আর তিনি যদি রান্না করতে জানেন, তাহলে তো ভালো।’

সাই পল্লবীর এমন সরল কথা শুনে মৃদু হাসেন অমিতাভ বচ্চন। অনুষ্ঠানে নিজের জীবনের আরও কিছু প্রসঙ্গও তুলে ধরেন অভিনেত্রী। চিকিৎসাবিদ্যায় পড়াশোনা শেষ করেও কেন অভিনয়জগতে পা রাখলেন, সে বিষয়েও কথা বলেন তিনি। পাশাপাশি ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার পর তার অনুভূতির কথাও জানান।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়