রোববার ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬, ৬ সেপ্টেম্বর ২০২৬

‘পঞ্চায়েত’ নিয়ে দুটি সুখবর দিলেন নির্মাতা

‘পঞ্চায়েত’ নিয়ে দুটি সুখবর দিলেন নির্মাতা
ছবি: সংগৃহীত

অ্যাকশন আর থ্রিলারের দাপটের মধ্যেও সাদামাটা গ্রামীণ জীবনের গল্প দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। ফুলেরা গ্রামের নানা ঘটনা, সম্পর্কের টানাপোড়েন আর হাস্যরসের মিশেলে তৈরি সিরিজটি ইতোমধ্যে চারটি সিজন পার করেছে। প্রতিটি সিজনই পেয়েছে দর্শকের ব্যাপক সাড়া। সিরিজের সচিব, প্রধান জি, প্রহ্লাদ চা, বনরাকস ও বিকাশের মতো চরিত্রগুলোও হয়ে উঠেছে দর্শকের কাছে বেশ জনপ্রিয়।

চার সিজনের পর এবার ‘পঞ্চায়েত’ ভক্তদের জন্য একসঙ্গে দুটি সুখবর দিলেন নির্মাতা দীপক কুমার মিশ্র। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে ‘পঞ্চায়েত ৫’-এর সম্পাদনার কাজ চলছে। মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঠিক না হলেও অক্টোবর কিংবা নভেম্বরের মধ্যে নতুন সিজনটি দর্শকের সামনে আনার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সেই লক্ষ্যেই এগিয়ে চলছে সিরিজটির কাজ।

তবে শুধু পঞ্চম সিজন নিয়েই নয়, সিরিজের ভবিষ্যৎ নিয়েও আশার কথা শুনিয়েছেন দীপক। পঞ্চম সিজনেই কি ফুলেরা গ্রামের গল্পের ইতি টানা হবে—এমন প্রশ্নের জবাবে নির্মাতা স্পষ্ট করে জানিয়েছেন, আপাতত এমন কোনো পরিকল্পনা তাদের নেই। অর্থাৎ, ‘পঞ্চায়েত’-এর গল্প পঞ্চম সিজনের পরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, নতুন সিজনে সিরিজের প্রায় সব গুরুত্বপূর্ণ চরিত্রের জীবনেই পরিবর্তনের ছাপ দেখা যাবে। নির্বাচনের পর ফুলেরা গ্রামের পরিস্থিতি কোন দিকে যায়, পরাজিত প্রধান জির জীবনে কী পরিবর্তন আসে—এসব বিষয় উঠে আসবে গল্পে। পাশাপাশি সচিবের জীবন ও গল্পও এবার আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নেওয়া হবে।

‘পঞ্চায়েত’ সিরিজের কেন্দ্রীয় চরিত্রগুলোতে অভিনয় করছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, ফয়সাল মালিক, সানভিকা, অশোক পাঠক, পঙ্কজ ঝা ও দুর্গেশ কুমারসহ অনেকে। নতুন সিজনটিও মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়