বিতর্ক পেরিয়ে নতুন সিনেমায় ফিরছেন মৌসুমী
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। অসুস্থ মায়ের পাশে থাকার পাশাপাশি পরিবারের সদস্যদের সময় দিচ্ছেন তিনি। প্রবাসে পারিবারিক ব্যস্ততার মধ্যেও টুকটাক শুটিংয়ে অংশ নিচ্ছেন এই অভিনেত্রী। এর মধ্যেই সামনে এসেছে তার নতুন সিনেমার খবর। ‘আ বিউটিফুল লাই’ নামের এই সিনেমাটি নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা।
নঈম ইমতিয়াজ নেয়ামুলের গল্প ও পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে ‘আ বিউটিফুল লাই’। যুক্তরাষ্ট্রে বসেই সিনেমাটির কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতা। নতুন এই প্রজেক্টের খবর এমন এক সময়ে এলো, যখন মৌসুমীর যুক্তরাষ্ট্রে চিত্রায়িত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের রেশ পুরোপুরি কাটেনি।
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে এর আগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মৌসুমী। শুরুতে এক ঘণ্টার নাটক কিংবা ওয়েব কনটেন্ট হিসেবে এটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে নির্মাতা হাসান জাহাঙ্গীর সেটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপ দেন এবং সেন্সর ছাড়পত্রও নেওয়া হয়। মুক্তির পর দর্শকদের একটি অংশ কনটেন্টটির মান নিয়ে তীব্র সমালোচনা করেন। অনেকে এটিকে নিম্নমানের কনটেন্ট হিসেবেও মন্তব্য করেন।
এ ঘটনায় মৌসুমীর কাজ বাছাই নিয়েও প্রশ্ন ওঠে। দীর্ঘ সময় ধরে ব্যবসাসফল কিংবা প্রশংসিত কোনো কাজ না থাকায় প্রিয় অভিনেত্রীকে এমন একটি কনটেন্টে দেখে হতাশা প্রকাশ করেন অনেক দর্শক।
বিতর্কের মধ্যে ক্ষোভ প্রকাশ করেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানীও। এক ভিডিও বার্তায় তিনি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’কে সিনেমা হিসেবে মানতে নারাজ ছিলেন এবং এর মুক্তি বন্ধের আহ্বান জানান। মৌসুমীও দাবি করেন, তার অজান্তেই কাজটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এমনকি তাকে ‘কাটপিস’-এর মতো ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, এ ধরনের ঘটনা চরম অনৈতিক।
এবার নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ ঘিরে তৈরি হয়েছে নতুন আগ্রহ। কারণ, এই প্রজেক্টের সঙ্গেও ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। জানা গেছে, শুরুতে ‘আ বিউটিফুল লাই’ একটি টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। তবে পরবর্তীতে এটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী চিত্রনাট্যও বড় করা হচ্ছে।
ছোট পরিসরের কনটেন্টকে পরবর্তীতে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপ দেওয়ার এই কৌশলই আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর ক্ষেত্রে সমালোচনার জন্ম দিয়েছিল। ফলে একই ধরনের প্রক্রিয়ায় ‘আ বিউটিফুল লাই’ নির্মিত হলে সেটি কেমন হবে, তা নিয়ে এরই মধ্যে জল্পনা শুরু হয়েছে। অবশ্য সিনেমাটি শেষ পর্যন্ত দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে, তার উত্তর মিলবে ট্রেলার প্রকাশ কিংবা মুক্তির পর।
নতুন সিনেমাটি প্রসঙ্গে মৌসুমী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আ বিউটিফুল লাই’ মূলত একটি থ্রিলারধর্মী রোড ট্রিপের গল্প। সিনেমার ঘটনাপ্রবাহ এগিয়ে যাবে একটি মিথ্যাকে কেন্দ্র করে। সেই মিথ্যার ওপর ভিত্তি করেই একের পর এক ঘটনা ঘটতে থাকবে।
মৌসুমীর ভাষ্য অনুযায়ী, শুরুতে টেলিফিল্ম হিসেবে ভাবা হলেও শেষ পর্যন্ত কাজটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মিত হচ্ছে। গল্প ও নির্মাণের মাধ্যমে দর্শকদের একটি উপভোগ্য অভিজ্ঞতা উপহার দিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।



























