মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২১, ৮ সেপ্টেম্বর ২০২৬

মনে হয়েছে, নিজেকে শেষ করে দেই : শ্রাবন্তী

মনে হয়েছে, নিজেকে শেষ করে দেই : শ্রাবন্তী
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবন নিয়ে বারবার আলোচনায় এলেও এবার নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথা জানালেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। ভালোবাসার সম্পর্কে একের পর এক আঘাত ও ব্যর্থতার পর মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে, একসময় নিজের জীবন শেষ করে দেওয়ার কথাও মাথায় এসেছিল বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের মানসিক টানাপোড়েন এবং ব্যক্তিগত জীবনের নানা কঠিন অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন শ্রাবন্তী। সেখানেই জীবনের চরম হতাশার মুহূর্তের কথা তুলে ধরেন এই অভিনেত্রী।

শ্রাবন্তী বলেন, ‘অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দেই। তারপর ভেবেছি, কেন শেষ করব? শুধুমাত্র একটা ভুল পছন্দের কারণে?’

অভিনেত্রীর ব্যক্তিগত জীবন বরাবরই অনুরাগী ও নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে তিনবার বিবাহবিচ্ছেদের পর বিভিন্ন সময়ে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তবে এসব অভিজ্ঞতার মধ্য দিয়েই নিজের জীবনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তিনি।

২০০৩ সালে খুব অল্প বয়সেই পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। দীর্ঘ দাম্পত্যের পর ২০১৬ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে, অভিমন্যু (ঝিনুক)। বিচ্ছেদের পর থেকে মায়ের সঙ্গেই বসবাস করছেন তিনি।

প্রথম সংসার ভেঙে যাওয়ার পর একই বছর মডেল কৃষাণ ব্রিজের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান শ্রাবন্তী। ২০১৬ সালে তাদের বিয়ে হলেও সেই সম্পর্ক টেকেনি বেশিদিন। মাত্র এক বছরের মধ্যেই তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

এরপর ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে গোপনে বিয়ে করেন অভিনেত্রী। কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং একপর্যায়ে আলাদা থাকতে শুরু করেন দুজন। এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই।

অবশেষে ২০২৫ সালের এপ্রিলে রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। জীবনের একাধিক সম্পর্কের ভাঙন, সামাজিক কটাক্ষ ও ব্যক্তিগত টানাপোড়েন পেরিয়ে এখন নিজের মতো করে এগিয়ে যাওয়ার কথাই বলছেন অভিনেত্রী।

তার সাম্প্রতিক এই মন্তব্যে আবারও আলোচনায় এসেছে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনের সেই কঠিন অধ্যায়, যা এতদিন অনেকটাই আড়ালে ছিল।

জনপ্রিয়