শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩, ২৯ অক্টোবর ২০২৬

কনের সাজে সাদিয়া আয়মান

কনের সাজে সাদিয়া আয়মান
ছবিঃ সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানকে এবার দেখা গেল একেবারেই ভিন্ন রূপে। জমকালো ঐতিহ্যবাহী শাড়ি, মানানসই গহনা আর স্নিগ্ধ মেকআপে কনের সাজে ধরা দিয়েছেন তিনি। অভিনেত্রীর এই রাজকীয় লুক ইতোমধ্যে নজর কেড়েছে নেটিজেনদের। আসন্ন বিয়ের মৌসুমে তার এই সাজ হয়ে উঠতে পারে অনেকের ফ্যাশন অনুপ্রেরণা।

সম্প্রতি ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে টানা ১২ দিন অসুস্থ ছিলেন সাদিয়া আয়মান। অসুস্থতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার পর আবারও নিজের চেনা ছন্দে ফিরেছেন এই অভিনেত্রী। কয়েক দিন আগেই নতুন মেকওভারে চুলের রং ও স্টাইলে সামান্য পরিবর্তন এনে আলোচনায় এসেছিলেন তিনি। এবার কনের সাজে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন।

সাধারণত ব্রাইডাল লুকে খুব একটা দেখা যায় না সাদিয়াকে। তাই দীর্ঘ বিরতির পর বধূবেশে তার এমন উপস্থিতি বাড়তি আগ্রহ তৈরি করেছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত একগুচ্ছ ছবিতে ঐতিহ্যবাহী সাজে তার মোহনীয় রূপ ফুটে উঠেছে।

শীতের আগমনের সঙ্গে সঙ্গে শুরু হয় বিয়ের মৌসুমের ব্যস্ততা। সেই সময়কে সামনে রেখেই ব্রাইডাল লুকে নিজেকে উপস্থাপন করেছেন অভিনেত্রী। তবে এই সাজের পেছনে রয়েছে কসমেটিকস ও জুয়েলারি ব্র্যান্ডের স্পনসরশিপ।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশ করেন সাদিয়া আয়মান। তার পরনে ছিল জমকালো ঐতিহ্যবাহী শাড়ি। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছিল গহনা। বিশেষ করে চোকার নেকলেস ও মাং টিকা তার সাজে যোগ করেছে আলাদা আভিজাত্য।

অভিনেত্রীর মেকআপেও ছিল পরিমিতির ছাপ। বর্তমান ব্রাইডাল মেকআপের ধারায় কৃত্রিম চাকচিক্যের বদলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সাদিয়ার সাজেও সেই প্রবণতার প্রতিফলন দেখা গেছে। হালকা ও স্নিগ্ধ মেকআপে তার লুক হয়ে উঠেছে আরও আকর্ষণীয়।

ছবিগুলোর সঙ্গে নিজের সাজের উদ্দেশ্যও তুলে ধরেছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আসন্ন বিয়ের মৌসুমের জন্য আপনার যে একমাত্র অনুপ্রেরণা প্রয়োজন।’

ব্রাইডাল লুকে সাদিয়া আয়মানের রাজকীয় উপস্থিতি নতুন নয়, তবে এবারের সাজেও তার ব্যতিক্রম ঘটেনি। ঐতিহ্যবাহী পোশাক, বাছাই করা গহনা ও স্বাভাবিক সাজের সমন্বয়ে তার নতুন লুক প্রশংসা কুড়াচ্ছে। একই সঙ্গে আসন্ন বিয়ের মৌসুমে কনের সাজ নিয়ে যারা নতুন ভাবনা খুঁজছেন, তাদের কাছেও এটি হয়ে উঠছে আকর্ষণীয় অনুপ্রেরণা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়