নতুন পরিচয়ে কার্তিক আরিয়ান
বলিউডে অভিনেতা হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন কার্তিক আরিয়ান। এবার অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনায়ও নাম লেখাতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা। কবির খান পরিচালিত ‘লড়াকু’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। এর মধ্য দিয়ে ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ে পা রাখতে চলেছেন কার্তিক।
বুধবার ‘লড়াকু’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেছে বিড়লা স্টুডিও। আগামী ১৮ জুন ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বিড়লা স্টুডিও ও কবির খান এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। পাশাপাশি ডোপামিন স্টুডিওজের সঙ্গে যুক্ত হয়ে প্রযোজনার দায়িত্বও সামলাবেন কার্তিক।
নির্মাতাদের তথ্যমতে, ‘লড়াকু’ একজন মানুষের উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা ও আশার গল্প নিয়ে নির্মিত হচ্ছে। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি ছবিটিকে পারিবারিক বিনোদনধর্মী সিনেমা হিসেবে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে এখনো ছবির অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করেননি নির্মাতারা। ফলে কার্তিকের সঙ্গে আর কাদের দেখা যাবে, তা জানতে অপেক্ষায় থাকতে হবে দর্শকদের।
এর আগে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করেন কার্তিক আরিয়ান ও পরিচালক কবির খান। ছবিতে অভিনয়ের সুবাদে জাতীয় পুরস্কারও অর্জন করেন কার্তিক। বক্স অফিসে সিনেমাটি প্রত্যাশিত সাফল্য না পেলেও তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। এবার সেই পরিচালকের সঙ্গেই নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি, তবে এবার অভিনয়ের পাশাপাশি থাকছে প্রযোজকের দায়িত্বও।
এদিকে ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমার মাধ্যমে দর্শকদের নজর কেড়েছিলেন কার্তিক। ছবিতে তার অভিনয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল। এমনকি চরিত্রটিতে তার অভিনয়ের সঙ্গে অক্ষয় কুমারের অভিনয়ের তুলনাও করেছিলেন অনেকে। তবে ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘তু মেরি মে তেরা’ সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। এবার প্রযোজক হিসেবে নতুন যাত্রায় কার্তিক কতটা সফল হন, সেটিই দেখার অপেক্ষা।



























