রোববার ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪২, ৮ নভেম্বর ২০২৬

সাংবাদিককে অপমানের অভিযোগে গাইবান্ধায় পরীমণিকে বয়কটের ঘোষণা

সাংবাদিককে অপমানের অভিযোগে গাইবান্ধায় পরীমণিকে বয়কটের ঘোষণা
ছবিঃ সংগৃহীত

সাংবাদিককে অপমান ও অসদাচরণের অভিযোগে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণিকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা।

রোববার (৮ নভেম্বর) দুপুরে শহরের জেলা পুলিশ লাইনস রোডে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেন তারা। একই সঙ্গে পরীমণির আচরণের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভও করেন স্থানীয় সাংবাদিকরা।

সমাবেশে গাইবান্ধার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। এ সময় সাংবাদিক নেতারা পরীমণির অসংবেদনশীল আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা অভিযোগ করেন, গত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুর বিরুদ্ধে অসদাচরণ ও অশালীন স্পর্শের অভিযোগ তোলেন পরীমণি। এ সময় ওই সাংবাদিককে গালাগালও করেন তিনি। সাংবাদিক নেতাদের দাবি, রবিউল শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন এবং তার একটি হাত অকেজো।

তারা বলেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পেশাগত মর্যাদা ও সম্মান রক্ষায় গণমাধ্যমকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ থাকবেন।

সমাবেশ থেকে বক্তারা ঘোষণা দেন, ওই ঘটনায় পরীমণি দুঃখ প্রকাশ না করা পর্যন্ত তার বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করবেন না তারা। একই সঙ্গে তাকে সার্বিকভাবে বয়কটের ঘোষণা দিয়ে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন।

এর আগে গাইবান্ধার গণউন্নয়ন কেন্দ্রের (জিইউকে) ‘গণউন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে’ আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে অংশ নেন জেলার সাংবাদিকরা। অনুষ্ঠান শেষে কলেজের সামনে প্রায় অর্ধশত সাংবাদিক একত্র হয়ে পরীমণিকে বয়কটের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা শেখ হাবিবুর রহমান, সিদ্দিক আলম দয়াল ও ফারুক হোসেনসহ অনেকে।

এদিকে চট্টগ্রামে অনুষ্ঠেয় ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’-এর অতিথি তালিকা থেকেও পরীমণিকে বাদ দিয়েছেন আয়োজকরা। সাংবাদিকদের প্রতিবাদ ও বয়কটের ঘোষণার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন।

আগামী ২৮ নভেম্বর নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। খালেদ সুমন জানান, সাম্প্রতিক ঘটনার আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে পরীমণির সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা। এ সিদ্ধান্তের পর নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও ভাঙচুর মামলায় গত বুধবার আদালতে হাজির হওয়ার কথা ছিল পরীমণির। তবে অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে তিনি অনুপস্থিত থাকেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরদিন বৃহস্পতিবার বিপুলসংখ্যক দেহরক্ষী নিয়ে আদালতে আত্মসমর্পণ করতে যান তিনি।

এর আগে ২০২১ সালে মাদক মামলায় কারামুক্তির সময় প্রিজনভ্যান থেকে বেরিয়ে হাতের তালুতে ‘ডোন্ট লাভ মি বিচ’ লিখে আলোচনায় এসেছিলেন পরীমণি। সে সময় ক্যামেরার সামনে তার হাতের একটি আপত্তিকর ভঙ্গিও আলোচনার জন্ম দেয়। এ ছাড়া রিমান্ড শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার ও পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশের ঘটনাও সংবাদমাধ্যমে উঠে এসেছিল।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়