সদস্যপদ স্থগিত তানজিন তিশা ও সামিয়া অথৈর
অভিনয়শিল্পী সংঘের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং সালিশ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন না করার অভিযোগে সদস্যপদ স্থগিত করা হয়েছে দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় সালিশ কমিটির সুপারিশ অনুমোদনের পর তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সদস্যপদ স্থগিত থাকবে।
সংগঠন সূত্রে জানা গেছে, অভিনয়শিল্পীদের মধ্যে বিভিন্ন সময়ে সৃষ্ট বিরোধ ও মতবিরোধ মীমাংসার জন্য অভিনয়শিল্পী সংঘের একটি স্বাধীন সালিশ কমিটি রয়েছে। সাম্প্রতিক একটি বিরোধের ঘটনায় তানজিন তিশা ও সামিয়া অথৈকে সালিশ কমিটির সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি সমাধানের অংশ হিসেবে সালিশ কমিটির পক্ষ থেকে দুই অভিনেত্রীর মাধ্যমে ক্ষমা চেয়ে একটি বিবৃতি প্রকাশ এবং ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সিদ্ধান্ত অনুযায়ী কোনো পদক্ষেপ নেননি তারা।
এ ঘটনায় সালিশ কমিটির পক্ষ থেকে দুই অভিনেত্রীকে পরপর দুটি চিঠি পাঠানো হয়। কিন্তু চিঠির কোনো জবাব না দিয়ে সেগুলো ফেরত পাঠানো হয়। পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো ইতিবাচক সাড়া না মেলায় তাদের সদস্যপদ স্থগিতের সুপারিশ করে সালিশ কমিটি।
পরে সুপারিশটি অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থাপন করা হয়। সেখানে বিষয়টি পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে সালিশ কমিটির সুপারিশ অনুমোদন করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত ৭ জুলাই তানজিন তিশা ও সামিয়া অথৈকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো জবাব দেননি। এ কারণে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত কার্যকরের অংশ হিসেবে গত ৪ অক্টোবর দুই অভিনেত্রীর নামে পৃথক সদস্যপদ স্থগিতের নোটিশ জারি করা হয়।
অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, শিল্পীদের কর্মক্ষেত্র ও পেশাগত পরিবেশে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংগঠনটি আপসহীন। অভিনয়শিল্পীদের পারস্পরিক সম্পর্ক, পেশাগত মর্যাদা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে।
একই পরিবারের সদস্য হিসেবে শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা জানিয়েছে সংগঠনটি।



























