কমলা শাড়িতে পূর্ণিমার মোহনীয় রূপ
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের সৌন্দর্য ও ফ্যাশন সচেতনতার কারণে ভক্তদের নজরে থাকেন তিনি। এবার বাঙালির ঐতিহ্যবাহী সাজে নতুন কিছু ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। কমলা-খয়েরি রঙের শাড়ি, ভারী সোনালি গয়না আর পরিমিত সাজে তাঁর আভিজাত্যপূর্ণ উপস্থিতি মুগ্ধ করেছে ভক্ত-অনুরাগীদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করে পূর্ণিমা ক্যাপশনে লিখেছেন, ‘ঐতিহ্যের ছোঁয়ায়, আভিজাত্যের আবরণে, আর প্রিয় রঙের মায়ায় উদ্ভাসিত।’
প্রকাশিত ছবিতে দেখা যায়, কমলা-খয়েরি আভাযুক্ত শাড়িতে সেজেছেন পূর্ণিমা। শাড়ির জমিনজুড়ে রয়েছে ছোট ছোট সোনালি নকশা। অন্যদিকে পাড়ের কারুকাজ সাজে যোগ করেছে বাড়তি সৌন্দর্য। শাড়ির সঙ্গে মানানসই ভারী সোনালি অলংকার বেছে নিয়েছেন তিনি। গলায় একাধিক স্তরের গয়না ও বড় পেনড্যান্ট, কানে ঝুমকা এবং হাতে বালা তাঁর সাজে ফুটিয়ে তুলেছে বাঙালির চিরায়ত ঐতিহ্য।
চুল পেছনে পরিপাটি করে বাঁধলেও সামনে কিছু চুল খোলা রেখেছেন অভিনেত্রী। কাঁধের ওপর নেমে আসা ঢেউখেলানো চুল, কপালে ছোট টিপ, চোখের গাঢ় সাজ এবং কমলা আভাযুক্ত লিপস্টিক পুরো সাজে এনে দিয়েছে ভিন্ন মাত্রা। একটি ছবিতে আয়নার সামনে দাঁড়িয়ে হাত গুটিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাঁকে।
ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘অপরূপ সৌন্দর্যের বহিঃপ্রকাশ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এখনকার সুন্দরীরাও আপনার সামনে বেমানান।’ এমন নানা প্রশংসায় ভরে উঠেছে ছবির মন্তব্যের ঘর।
উল্লেখ্য, ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের পাশাপাশি আকর্ষণীয় সৌন্দর্য দিয়ে দর্শকদের নজর কাড়েন তিনি। পরবর্তী সময়ে ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ চলচ্চিত্রে খোলামেলা পোশাকে হাজির হয়েও আলোচনায় আসেন এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন ঢালিউডের এই জনপ্রিয় মুখ।



























