শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫১, ২৯ আগস্ট ২০২৬

কালীগঞ্জে জমি দখল-চাঁদাবাজির অভিযোগ, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

কালীগঞ্জে জমি দখল-চাঁদাবাজির অভিযোগ, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ছ‌বি: প্রতি‌নি‌ধি

গাজীপুরের কালীগঞ্জে জমি দখল, চাঁদাবাজি, হামলা, মাদক কারবার, মামলা দিয়ে হয়রানি এবং কৃষিজমি বালু দিয়ে ভরাটের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও ভুক্তভোগীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে দুবাইপ্রবাসী আলমগীর কবিরের ভাই ইকবাল আহমেদ, ভুক্তভোগী বায়েজিদ হাসান শিবলীর ভাই মুজাহিদুল ইসলাম, আলমগীরের ভাতিজা জাহিদুল ইসলামসহ স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু এবং তাঁর দুই ভাই আনিসুর রহমান রিপন ও সোহেলকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
বক্তাদের অভিযোগ, রাজনৈতিক ও স্থানীয় প্রভাব কাজে লাগিয়ে জমি দখল, চাঁদা দাবি, হাট ও নির্মাণকাজ নিয়ন্ত্রণ, কৃষিজমি বালু দিয়ে ভরাট এবং মামলা দিয়ে হয়রানির মতো কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান তাঁরা।

মানববন্ধনে দুবাইপ্রবাসী আলমগীর কবিরের প্রায় চার বিঘা জমি দখলের অভিযোগও তুলে ধরা হয়। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বায়েজিদ হাসান শিবলীকে মারধর এবং তাঁর কাছে ইয়াবা দিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ করেন তাঁর স্বজনরা। এ ঘটনারও নিরপেক্ষ তদন্ত দাবি করেন তাঁরা।

বক্তারা বলেন, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অভিযোগকারী ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়। পাশাপাশি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

সর্বশেষ

জনপ্রিয়