সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্ট সরবরাহে কিছুটা সময় বেশি লাগতে পারে বলে জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আবেদনকারীদের তথ্য যাচাই, সংশোধন ও প্রসেসিংয়ের বিভিন্ন ধাপ সম্পন্ন করতে অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ই-পাসপোর্টের চাহিদা সম্প্রতি ব্যাপকভাবে বেড়েছে। আগে প্রতি মাসে গড়ে ১১ হাজার পাসপোর্টের এনরোলমেন্ট করা হলেও দূতাবাসের উদ্যোগে গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি পাসপোর্টের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। আরও ২৫ হাজার ৪৬৭টি পাসপোর্ট বর্তমানে প্রিন্টিং অবস্থায় রয়েছে। এছাড়া ২১ হাজার ৬৭৮টি পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, বর্তমানে দাম্মাম অঞ্চলে ৯ দিনব্যাপী একটি ক্যাম্পের মাধ্যমে ১৫ হাজার ২০০টি পাসপোর্ট আবেদনের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা হচ্ছে।
তবে ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী কার্যক্রমে কিছু আবেদন নিয়ে জটিলতা দেখা দিচ্ছে। অনেক সেবাপ্রার্থীর আবেদনে তথ্যগত ভুল, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে অসংগতি এবং একাধিক পাসপোর্ট সংক্রান্ত জটিলতা থাকায় এসব তথ্য যাচাই ও প্রসেসিং করতে অতিরিক্ত সময় প্রয়োজন হচ্ছে।
এ কারণে সংশ্লিষ্ট প্রবাসীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে ই-পাসপোর্ট সেবা আরও দ্রুত ও সহজ করতে দূতাবাস সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে।



























