সৌদিতে অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকি পাঁচজনের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায়।
রবিবার (৯ আগস্ট) সৌদি আরবের স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকার ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরের খাবার ও বিশ্রাম শেষে শ্রমিকেরা যখন বিশ্রামে ছিলেন, ঠিক তখনই হঠাৎ কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে, এতে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ও আগুনে পুড়ে মারা যান সবাই। কারখানাটির মালিক নওগাঁর আত্রাইয়ের সাইদুল ইসলাম, যিনি বর্তমানে ছুটিতে বাংলাদেশে অবস্থান করছেন।
ঘটনার বিষয়ে সাইদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, কারখানায় কর্মী ছিলেন ১৯ জন। দুজন ছুটিতে থাকায় রক্ষা পান, বাকি ১৭ জনই মারা যান। তিনি ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের এই ভয়াবহ সূত্রপাত।
নিহতদের মধ্যে নওগাঁর ১২ জন হলেন—আত্রাইয়ের কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক, সুমন প্রামাণিক, তাদের পিতা: গুফফার প্রামাণিক; একই গ্রামের রুবেল হোসেন, পিতা: জাননার; কলি প্রামাণিক, পিতা: ফজলু; সাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ফরিদ শেখ, পিতা: ময়েন শেখ; বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের সুমন, পিতা: মৃত বাদল; হাসিবুল হসান শুভ, পিতা: চঞ্চল; একই ইউনিয়নের বড়সাঁটা গ্রামের সুমন, পিতা: মৃত রুহুল; পাচুপুর ইউনিয়নের পারকসুন্দা গ্রামের জলিল, পিতা: জালাল কানা; বিশা ইউনিয়নের সাদনগর গ্রামের সাগর, পিতা আজাহার; মাধবপুর গ্রামের মজিদুল, পিতা মজনু, পাচুপুর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের হৃদয়, পিতা: আসলাম।। এছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা বাকি পাঁচজন।
এ ঘটনায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস গভীর শোক জানিয়েছে। এছাড়া দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে মৃত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তকরণে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।
এর আগে, রবিবার রাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক শোকবার্তায় জানায়, সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।



























