সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২৬

সন্দেহ হচ্ছিল বিপিএল খেলতে পারব কি না : মাহমুদউল্লাহ

সন্দেহ হচ্ছিল বিপিএল খেলতে পারব কি না : মাহমুদউল্লাহ
ছবি: সংগৃহীত

চোট, হতাশা আর অনিশ্চয়তার মাঝেও হার মানেননি মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত বিপিএলের মাঠে নামতে পেরে আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

সবশেষ বিপিএলের আগে এনসিএল টি-টোয়েন্টি খেলতে গিয়ে হাঁটুতে চোট পান মাহমুদউল্লাহ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত রিহ্যাব সেশনে থাকতে দেখা যায় তাকে। তবে বিপিএলের দ্বাদশ আসরে আদৌ খেলতে পারবেন কি না—এ নিয়ে মনে বড় ধরনের সংশয় কাজ করছিল তার।

আজ সোমবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে সেই দুশ্চিন্তার কথাই প্রকাশ করেছেন মাহমুদউল্লাহ। সেখানে বিপিএলে খেলা নিয়ে তার শঙ্কার বিষয়টি খোলাসা করেন তিনি এবং আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘জিমে রিহ্যাব করার সময় এই সেলফিটা তুলেছিলাম। তখন খুব হতাশ ছিলাম। সন্দেহ হচ্ছিল আমি এবারের বিপিএল খেলতে পারব কি না। হাঁটুতে ইঞ্জুরি ছিল আর আমি অনেক লড়াই করছিলাম।’

এরপর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক আরও লেখেন,
‘কিন্তু আল্লাহ আমাকে আবারও ভাবতে বাধ্য করলেন যে—সর্বশক্তিমান আল্লাহর পক্ষে কিছুই অসম্ভব না। আমি চেষ্টা করে বিষয়টা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি খেলেছি এবং আল্লাহ আমাকে আরও একবার সম্মানিত করেছেন। আল্লাহু আকবর।’