আইআরজিসির দাবি
ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সরাসরি সংঘাতে এবার শুরু হয়েছে তীব্র তথ্যযুদ্ধ। উভয় পক্ষই পাল্টাপাল্টি দাবি তুলে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের সাম্প্রতিক পাল্টা হামলায় অন্তত ২০০ জন মার্কিন সেনা নিহত হয়েছে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক ঘাঁটিগুলোতে ‘নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা’ চালানোর কথাও জানায়। এমনকি মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)-এর একটি রণতরী বা জাহাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করে আইআরজিসি।
তাস নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়, এই হামলাকে তেহরান তাদের সামরিক অভিযানের বড় সাফল্য হিসেবে তুলে ধরছে। ইরান একে ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এর উল্লেখযোগ্য বিজয় বলে প্রচার করছে।
তবে এসব দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কেন্দ্রীয় কমান্ড-এর এক মুখপাত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আইআরজিসি যে ২০০ মার্কিন সেনাকে হত্যা বা আহত করার দাবি করছে, তা সম্পূর্ণ অসত্য। আমাদের কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও সঠিক নয়।’
সেন্টকমের দাবি, তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইরানি হামলা সফলভাবে প্রতিহত করেছে এবং এখন পর্যন্ত মার্কিন বাহিনীর কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।



























