রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে স্বর্ণের দোকানে প্রকাশ্য ডাকাতি: আটক ১, চাকু উদ্ধার

বন্দরে স্বর্ণের দোকানে প্রকাশ্য ডাকাতি: আটক ১, চাকু উদ্ধার
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মিজান (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮ ইঞ্চি লম্বা একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বন্দর থানাধীন মালামত সাকিন এলাকায় ‘মামুন ডাকাত’-এর বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মিজান বন্দর থানার সোনাচরা এলাকার ফজলুল হকের ছেলে।

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকেশ্বরী বাজারের সোনাচরা এলাকায় একটি স্বর্ণের দোকানে ৮ থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে দোকান মালিককে মারধর করে স্বর্ণালংকার ও রুপার মালামাল লুট করে নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে সংঘটিত ওই ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।

পুলিশ জানায়, ঘটনার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় বন্দর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে নামে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করা হয়। এর ধারাবাহিকতায় শনিবার মিজানকে আটক করা হয়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ডাকাতির ঘটনায় একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। একইসঙ্গে লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্যও পুলিশ কাজ করছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়