শুক্রবার ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২, ২ অক্টোবর ২০২৬

দিল্লিতে বিক্ষোভের ডাক, ১১ মেট্রো স্টেশন বন্ধ

দিল্লিতে বিক্ষোভের ডাক, ১১ মেট্রো স্টেশন বন্ধ
ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে শুক্রবার দিল্লি মেট্রোর ১১টি স্টেশনে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখা হয়েছে।

দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাজীব চক, সেবা তীর্থ, মণ্ডি হাউস, লোক কল্যাণ মার্গ, আইএনএ, চাওরি বাজার, রামকৃষ্ণ আশ্রম মার্গ ও নয়াদিল্লি স্টেশনের প্রবেশ ও বহির্গমন গেট বন্ধ থাকবে। তবে রাজীব চক, মণ্ডি হাউস, নয়াদিল্লি ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে যাত্রীদের ট্রেন পরিবর্তনের সুবিধা চালু রাখা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে আম আদমি পার্টি (এএপি), অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ), ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই) ও ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস। সংগঠনগুলোর অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় নির্বাচন কমিশনের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছে তারা।

এর আগে জন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। একই সঙ্গে কেন্দ্রীয় দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়। বিক্ষোভস্থলের আশপাশে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি জনসমাগম নিয়ন্ত্রণেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আপত্তি এবং নির্বাচন কমিশনের জবাবদিহির দাবিই বিক্ষোভের মূল বিষয়। এ পরিস্থিতিতে নিরাপত্তার অংশ হিসেবে মেট্রোর ১১টি স্টেশনের প্রবেশ ও বহির্গমন বন্ধ রাখায় শুক্রবার কেন্দ্রীয় দিল্লিতে যাত্রীদের চলাচলে প্রভাব পড়েছে।

সূত্র: দ্য প্রিন্ট

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়